রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নে মালবাহী ট্রলি উল্টে বিজয় চাকমা (২১) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দিবাগত রাতে ইউনিয়নের কাঠালতলী হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক সাগর গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, মালামাল বহনকারী একটি ট্রলি বগাচত্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই চালকের সহকারী বিজয় চাকমার মৃত্যু হয়। তিনি ইউনিয়নের মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বিজয় জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ট্রলির হেলপার হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় রাতে মালামাল নিয়ে আসার পথে ট্রলিটি উল্টে যায়।
লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে অপমৃত্যুর মামলা রুজু করে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।










