বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির মূল শক্তি জনগণ। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিজয় অর্জিত হলে সব পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারসংলগ্ন আইনপুর খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলছে, তাদের ভোট দিলে 'বেহেশতের টিকিট' পাওয়া যাবে। বেহেশত ও দোজখ দেয়ার মালিক একমাত্র আল্লাহ। এ ধরনের কথা বলে তারা শিরক করছে।
তিনি আরো বলেন, দলটি বলছে তাদের হাতে নাকি ব্যালট পেপার চলে গেছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বয়কট করতে হবে। তিনি সরকারপ্রধানের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাদের নেতাকে তিনগুণ বেশি প্রোটোকল দেয়া হোক, তবুও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা যেন না করা হয়।
তারেক রহমান বলেন, বিএনপির ধানের শীষে ভোট দিলে চা-শ্রমিকসহ সব দিনমজুর শ্রেণীর নারীদের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়ার ব্যবস্থা করা হবে। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার আশ্বাস দেন তিনি।
তিনি অভিযোগ করেন, ২০০৮ সালে একটি দল ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে রাতের ভোট ও ভোটচুরির নির্বাচন করেছে এবং ব্যাংক ও জনগণের সম্পদ লুট করে পালিয়েছে। তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হয়ে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেছিলেন।
তিনি বলেন, লুটেরা গুম-খুন ও সম্পদ হরণ করে পালিয়েছে। এখন সময় ‘টেক ব্যাক বাংলাদেশ’-এর। অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সমাবেশের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। যৌথ সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আব্দুর রহিম রিপন ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি প্রার্থী এম নাসের রহমান।
এ ছাড়া বক্তব্য দেন জেলার অপর তিন আসনের ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন আহমদ মিঠু, শওকতুল ইসলাম শকু। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং বিএনপির শরিক দল জমিয়তে উলামা জেলা কমিটির সভাপতি মাওলানা জামিউল আহমদ আনসারী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসেরসহ আরো অনেকে বক্তব্য দেন।















