বরিশাল পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে উন্মুক্ত বই পাঠের আসর কর্মসূচি পালন করা হয়েছে। বরিশাল সচেতন নাগরিকের ব্যানারে বিবির পুকুরের উত্তর পাশে গতকাল সকাল ১০টা-১২টা পর্যন্ত এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজস্ব ভবনে লাইব্রেরিটি পাঠকের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানান। পরে বরিশাল পাবলিক লাইব্রেরি এডহক কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

কর্মসূচিতে নজরুল ইসলাম বলেন, ‘আমি পাবলিক লাইব্রেরিতে নিয়মিত আসতাম। লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীদের ভিড় 

থাকত লাইব্রেরিতে। এটি স্থানান্তর করা গণবিরোধী কাজ।’

সবুজ আন্দোলনের সংগঠক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, ‘লাইব্রেরির সাধারণ সদস্য হিসেবে বই পড়ার জায়গা না থাকায় তারা লাইব্রেরির পেছনে বিবির পুকুরের পাড়ে উন্মুক্ত স্থানে বই পড়েছেন। স্বাধীনতার আগে যাদের জন্ম তারা এখানে বই পড়তেন।’

পরে পাবলিক লাইব্রেরির সদস্যরা বরিশাল জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরির সভাপতি শহীদুল ইসলামের কাছে লিখিত স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, আমিনুল ইসলাম খান বুলবুল, অধ্যক্ষ মোতালেব হাওলাদার, দেওয়ান ফখরুল আলম, নজরুল ইসলাম, এ কে আজাদ, অঞ্জলী রানী, মোস্তাফিজুর রহমান ও কাজী এনায়েত হোসেন শিবলু।