ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী দাঁড়ানো একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে পৌনে সাতটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কের যান চলাচলও এখন স্বাভাবিক রয়েছে।