লক্ষ্মীপুর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জেলা সদরের দত্তপাড়া-মান্দারী সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করে। এ সড়কের সাড়ে পাঁচ কিলোমিটারের সংস্কার কাজে এ অনিয়মের অভিযোগ ওঠে।

গতকাল ওই সড়কটিতে দুদক অভিযান চালায়। এ সময় সড়কটির বিভিন্ন অংশে খোঁড়াখুঁড়ি করে সংস্কার কাজ খতিয়ে দেখে। দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ ও পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হকও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদর উপজেলার দত্তপাড়া-মান্দারী সড়কের সাড়ে পাঁচ কিলোমিটার সংস্কারকাজে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয় এলজিইডি। চলতি মাসে স্থানীয় রিপন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করে। কিন্তু সংস্কার কাজে নিম্নমানের ইট-খোয়া, বিটুমিন ও পাথর ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় নিম্নমানের সামগ্রী বদলে উন্নতমানের সামগ্রী ব্যবহারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পর দুদকের হটলাইন ১০৬ নম্বরে কল করে অভিযোগ করে স্থানীয়রা। এরই পরিপ্রেক্ষিতে সড়কটির সংস্কারকাজের অনিয়ম তদন্তে অভিযান শুরু করে দুদক।

জানতে চাইলে দুদকের নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।