ছুরিকাঘাতে নরসিংদীর শিবপুরে নাহিদ মিয়া (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল দুপুরে উপজেলার বন্যারবাজার এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত কলেজছাত্র উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পুলিশ এ ঘটনায় গতকাল সন্ধ্যায় দুজনকে আটক করেছে। তারা হলেন বন্যারবাজার এলাকার কাউছার ভূইয়ার ছেলে তুহিন (২৫) ও মৈষাদী গ্রামের মিলন মিয়ার ছেলে ইয়াছিন। এ তথ্য নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার।
নিহত নাহিদের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুলপড়ুয়া এক ছাত্রের সঙ্গে মৈষাদী এলাকার একদল কিশোরের ঝগড়া হয়। ফুটবল খেলায় মারামারি নিয়ে ওই ঝগড়া হয়েছিল। বড় ভাই হিসেবে ওই ঝগড়া মিটিয়ে দিতে গিয়েছিলেন নাহিদ ও তার বন্ধুরা। কিন্তু ঘটনাটি মীমাংসা না হয়ে বিবাদ মৈষাদী ও তাতারকান্দী গ্রামের তরুণদের মাঝে ছড়িয়ে পড়ে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে গতকাল দুপুরে ফরম পূরণের জন্য কলেজে যান নাহিদ। এ সময় এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যরা তাকে ধাওয়া করে। ধাওয়াকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পাশের ডোবার পানিতে ফেলে দেয়। স্থানীয় লোকের সহযোগিতায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে নিহত নাহিদের সঙ্গে কিশোর গ্যাংয়ের বিরোধ ছিল বলে জানতে পেরেছি।’










