চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে ডুবে গেছে কুমিল্লার সদর ইউনিয়নের নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এতে বিদ্যালয়ে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টি ও উজানের পানি মাঠে জমে থাকে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসাই কঠিন হয়ে পড়ে। পাশে একটি জলাশয় থাকলেও এর চারপাশে নিরাপত্তা বেষ্টনি না থাকায় শিশু শিক্ষার্থীদের ঝুঁকিও বেড়ে যায়। তাদের বিশেষ নজরদারিতে রাখতে হয়।

নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়টিতে দুটি ভবন রয়েছে। বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর কথা হয় বণিক বার্তার সঙ্গে। তারা জানান, স্কুলমাঠে পানি জমে থাকার কারণে কষ্ট করে শ্রেণীকক্ষে ঢুকতে হয় তাদের। খেলাধুলা বন্ধ হয়ে আছে। মাঝে মাঝে স্কুলে প্রবেশের সময় পিছলে পড়ে তাদের ইউনিফর্ম ও বই-খাতা ভিজে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনুরানী সরকার বলেন, স্কুলের স্থানটি নিচু হওয়ায় বর্ষাকালে মাঠে পানি জমে যায়। এ সমস্যা নিরসনের লক্ষ্যে আমরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। আশা করছি সমাধান হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন বলেন, সমস্যাটি থেকে উত্তরণের জন্য বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ এলে বিদ্যালয়ের মাঠ উঁচু করে দেয়া হবে। আমরা সীমানা প্রাচীরের চাহিদাও দিয়েছি। আশা করছি পর্যায়ক্রমে সব বাস্তবায়িত হবে।