মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের অন্তত ১০ যাত্রী। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, নরসিংদী, ঝিনাইদহ ও চট্টগ্রামে আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মাদারীপুর: ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো দুজন মারা যায়। পুলিশ আহত ১০ জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জোবায়ের জানান, হাসপাতালে তিনজনের মরদেহ এসেছে এবং ১০ জনকে আহত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ছয়জনকে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজন নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা গেছে। এ ঘটনায় বাস ও ট্রাক আটক করে শিবচর হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

হবিগঞ্জ: জেলার বাহুবলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপচালক আশরাফুল মুক্তাকিম ও সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)। আশরাফুলের বাড়ি সিলেটে এবং লিটন গাজীর বাড়ি কিশোরগঞ্জে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও পিকআপ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নরসিংদী: জেলার শিবপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালকসহ আরো দুজন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুরের বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২২) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শফিক (২১)।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ: কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আনিস কোটচাঁদপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ হাসান রিয়াদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে বারো আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে রিয়াদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।