কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, সিংগাইর থানায় হওয়া হত্যা মামলায় মমতাজ বেগমকে চারদিনের রিমান্ডে শেষে আদালতে আনা হয়। বিচারক হত্যা মামলার শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে হরিরামপুর থানায় হওয়া অপর মামলায় তাকে পুনরায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। তবে আগের দুদিনের মতো এদিন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আদালত চত্বরে দেখা যায়নি। এর আগে প্রথম ও দ্বিতীয় দিনের শুনানির সময় আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এর পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত এলাকায়।
উল্লেখ্য, ২০১৩ সালে এক হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।










