কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে মেধা তালিকায় নির্বাচিত হয়েছেন ৩ হাজার ৭০১ জন শিক্ষার্থী। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৭ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। কৃষিগুচ্ছে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন। কৃষিগুচ্ছের অফিশিয়াল ওয়েবসাইটেও (https://acas.edu.bd) ফলাফল প্রকাশ করা হয়েছে। কৃষিগুচ্ছের পরীক্ষা ৩ জানুয়ারি বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উপস্থিত হয়েছিলেন ৮০ হাজার ৩২৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ৪ শতাংশ, যা পূর্বের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।