ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম তার কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় ছোট দেওয়ানপাড়ার শাকিল ও শিপনসহ কয়েকজন তাইম ও তার বন্ধুদের মারধর করেন।
এ ঘটনার জেরে রাতে দুই গ্রামের মানুষ টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে তারা একে অপরের ওপর হামলা চালান। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দোকানপাট ও সড়ক চলাচল।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










