পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরাফাত (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আরাফাত ওই এলাকার ওমরের ছেলে। তিনি পৌর বিএনপি নেতা রূপমের অনুসারী বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে অনন্ত এলাকার হরিজন কলোনির পাশে দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদ মেম্বারের কিছু অনুসারীর সঙ্গে বিরোধ চলছিল আরাফাতসহ তাদের অনুসারীর। বুধবার রাতে হরিজন কলোনির পাশে দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাতকে পেলে শহীদ মেম্বারের অনুসারীরা হামলা চালায়। এ সময় হাঁটুসহ তার শরীরের বিভিন্ন স্থান ছুরিকাঘাতে জখম করা হয়। পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে আরাফাতের মৃত্যু হয়। এর পরই স্থানীয় ইউপি সদস্য শহীদ মেম্বারের বাড়িঘরে ভাংচুর চালিয়ে আগুন দেয় পৌর বিএনপি নেতা রূপমের অনুসারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে ওসি আব্দুস সালাম বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। এর আগেও এদের মধ্যে ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এর জেরেই হত্যাকাণ্ড।
ঘটনায় শহীদ মেম্বার ও তার অনুসারীরা জড়িত দাবি করে বিক্ষুব্ধরা শহীদের বাড়িতে আগুন দেয়। ঘটনাস্থলে এসে সেটি নেভানো ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তরা পলাতক, এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।‘










