রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানের বাজার করতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় রজব প্রামাণিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জেকের প্রামাণিকের ছেলে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা বাজারের নিকট এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানান, রজব প্রামাণিক তার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানের বাজার করতে ভ্যানযোগে নারুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় গাড়াকোলা বাজারের নিকট পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রজব প্রামাণিক। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান।
মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) দুপুরে তার বাড়িতে তিন শতাধিক অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
বালিয়াকান্দি থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রজব প্রামাণিকের ফরিদপুর হাসপাতালে মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।










