চাঁদপুর সদর উপজেলার পৃথক দুটি পুকুরে ডুবে মা-ছেলে ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের বাখরপুর গ্রামে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন খাদিজা আক্তার (৩০)। সকালে দুই সন্তানকে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে নামেন। এ সময় দুই ছেলেই পানিতে তলিয়ে গেলে প্রথম বড় ছেলেকে উদ্ধার করেন খাদিজা। পরে ছোট ছেলে আবু বকরকে (৭) বাঁচাতে গিয়ে তিনিও ডুবে যান। পরে বাড়ির লোকজন মা-ছেলেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খাদিজার বোনের মেয়ে কুলসুমা জানান, খাদিজা মঙ্গলবার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাদের মূল বাড়ি ফরিদপুরে।
অন্যদিকে, পাশের বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা যায় মাকসুদা (২) নামের এক শিশু। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










