চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য হাইমচর থানায় এ মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ আরো ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় গ্রেফতার হওয়া চার আসামিকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন— মো. ফিরোজ খান (৫৩), মো. কামাল হোসেন (৫৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. সুলতান খান (৪৫), মো. মিন্টু (২৮), মো. সোহেল (৪০), মহিন হাওলাদার (২৫) এবং মো. মনিরুজ্জামান (৪০)। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের চার আসামিকে ঝালকাঠি থেকে গ্রেফতার করে শনিবার চাঁদপুর নৌ থানায় আনা হয়। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে ও অন্য আসামিদের আইনের আওতায় আনতে নৌ পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় চার যাত্রী প্রাণ হারান এবং আরো বেশ কয়েকজন আহত হন। এ দুর্ঘটনার পর নৌপথে নিরাপত্তা ও নিয়ম পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।