জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় অর্ধশত নেতাকর্মী। আজ রোববার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদসহ আরো শীর্ষ নেতাদের অনেকে। খবর বিবিসি বাংলা।

এনসিপিতে যোগ দেয়া রাফে সালমান রিফাত জানিয়েছেন, তাদের দলের আহ্বায়ক ও শীর্ষ নেতৃত্বসহ অন্তত ৩৬ জন এনসিপিতে যোগ দিয়েছেন। তারা সবাই ওই প্লাটফরম থেকে পদত্যাগ করেই এ দলে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।

এদিন আপ বাংলাদেশের শীর্ষ নেতারা ছাড়াও এনসিপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হকসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপিতে যুক্ত হয়েছেন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছিল।