স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল দুপুরে শহরের পুরনো বাসস্টেশনে একটি রেস্টুরেন্টে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। লিখিত বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা চলাকালীন ভীতিকর পরিস্থিতিতে সরকারি কোনো সহযোগিতা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটেছেন বানভাসিরা। বন্যায় সরকারি-বেসরকারি ভবন, স্কুল-কলেজ, হাসপাতাল তো বটেই, ব্যক্তিমালিকানাধীন প্রতিটি বহুতল ভবন পরিণত হয়েছে আশ্রয়কেন্দ্রে। সেখানে খেয়ে না-খেয়ে দিনাতিপাত করছেন দুর্গতরা। এমন পরিস্থিতিতে দুর্গত এলাকায়
খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক চাহিদা দেখা দেয়ার পরও সরকার ও প্রশাসন বলতে গেলে নির্বিকার ছিল। এই মহাদুর্যোগে একাই লড়াই করছেন বানভাসিরা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্যসহ নিত্যপণ্যের চরম সংকট। নিত্যপণ্যের দাম বাড়ানো হলেও ছিল না প্রশাসনিক কোনো ধরনের নজরদারি।
এতে আরো বলা হয়েছে, ত্রাণবোঝাই নৌযান দেখলেই দলে দলে ছুটে যাচ্ছেন শত শত অভুক্ত বন্যাদুর্গতরা। ক্ষুধার তাড়নায়
জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিতেও দ্বিধা করছেন না তারা। এক বেলা খাবারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন আশ্রয়কেন্দ্রে। ত্রাণের অপ্রতুলতায় খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমদ, অ্যাডভোকেট শেরেনূর আলী, সেলিম আহমদ, আবুল কালাম, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত প্রমুখ।










