বান্দরবানে জালিয়াতির মাধ্যমে জমির মালিকানা পরিবর্তনের অভিযোগে দায়ের করা মামলায় সরকারি কর্মচারীসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) সৈয়দা সুরাইয়া আক্তার এ আদেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের জারিকারক সন্তোষ দাশ, দলিল লেখক গোপাল কৃষ্ণ দাশ ও কেয়ারটেকার আব্দুল মান্নান।

৪ মে আদালতে মামলাটি করেন জমির মালিক চট্টগ্রাম নিবাসী সৈয়দ মোজাফ্ফর আহমদের জামাতা জহিরুল ইসলাম। গতকাল ওই তিন ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ১৯৮১ সালে বন্দোবস্ত মূলে বান্দরবান মৌজার অন্তর্গত ১৬৯নং হোল্ডিংয়ের ৫০ শতক জমি পান সৈয়দ মোজাফ্ফর আহমদ। ২০১২ সালে আসামিরা জাল দলিলের মাধ্যমে ওই জমি দখলে নেন।