সাতক্ষীরা-আশাশুনি সড়কে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সড়কের নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার আরশাদ আলীর স্ত্রী নফজিলা খাতুন (৬০) ও লক্ষ্মীখোলা গ্রামের আবুল কাসেমের স্ত্রী আছিয়া বেগম (৪৫)। 

আশাশুনি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ৬ যাত্রী নিয়ে একটি ইজিবাইক সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সড়কের নওয়াপাড়া এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি পিকআপ ইজিবাইকটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের দুই নারী যাত্রী। এছাড়া আরো ৪ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গিয়েছেন। এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।