জামালপুরে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে আকাশ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জেলা সদরের নান্দিনা এলাকার সোজাউর রহমান রানার ছেলে।

বুধবার রাত ৮টার দিকে আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, সন্ধ্যায় শহরের পুরনো ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন দিতে যান হিন্দু ধর্মাবলম্বীরা। আকাশ ও তার বন্ধুরা সেখানে প্রতিমা বিসর্জন দেখতে যান। বিসর্জনের আগমুহূর্তে মদ্যপ অবস্থায় আনন্দ-ফূর্তি করতে গিয়ে প্রতিমার নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান আকাশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।