ঈদের দিনে নেত্রকোনার কলমাকান্দা সড়কের খারনৈ ইঊনিয়নের বউবাজারে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২ জন।  আজ শনিবার (২২ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দ্রুত বেগে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, কলমাকান্দা উপজেলার পূর্বজিগাতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আবু বক্কর (১৪), আব্দুল মান্নানের ছেলে মাসুদ মিয়া (১৫) এবং বামনগাঁ গ্রামের ঈমান আলীর ছেলে সুমন মিয়া (১৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দিনে দুপুর দেড়টার দিকে নেত্রকোনার কলমাকান্দা সড়কের খারনৈ ইউনিয়নের টেংখালী বউবাজারের কাছে দ্রুত বেগে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সংর্ঘষে ছিটকে যাওয়ায় ঘটনাস্থলেই দুই কিশোর আরোহী নিহত হয়। অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পুলিশ ইনচার্জ আবুল কালাম ঘটনা নিশ্চিত করে বলেন, দ্রুত বেগে মোটরসাইকেল চালানোয় এ দূর্ঘটনার কারণ বলে জানিয়েছে স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আহতরা কলমাকান্দা হাসপাতালে চিকিৎসাধীন।