বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘একটি রাজনৈতিক দল নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে।’
গতকাল যশোরে অনুষ্ঠিত ‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বচনী অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।
আলোচনা সভায় বেগম সেলিমা রহমান বলেন, ‘বিএনপি নারীবান্ধব রাজনৈতিক দল। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের নারী সমাজের অধিকারের জন্য কাজ করে আসছে। যে কারণে দেশের নারী সমাজ বিএনপির প্রতি আস্থাশীল। বিগত সময়ে যখন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, নারী সমাজ তার প্রতিদান দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া দেশের নারী সমাজের জন্য কী করেছেন, সেটি সবার জানা আছে। তারেক রহমানও দেশের নারী সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাজ করতে চান। যেটি তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় তুলে ধরেছেন। সেটি প্রান্তিক পর্যায়ে নারী সমাজের মাঝে তুলে ধরতে হবে।’










