ভিসি, রেজিস্ট্রার এবং প্রশাসনিক পদে কর্মকর্তা না থাকায় দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আগস্টের বেতন হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এবং বর্তমানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বণিক বার্তাকে জানান, গত ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনামূলক চিঠি এসেছে। চিঠিতে বলা হয়েছে, নতুন ভিসি এবং রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল একমত হয়ে একজনকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়ে তা মন্ত্রণালয়কে অবহিত করবে। কিন্তু হাবিপ্রবিতে আটজন ডিন দায়িত্ব পালন করলেও গত উপাচার্যের আমলে কোনো ডিন কাউন্সিল গঠিত হয়নি। এর পরও আটজন ডিন একাধিকবার সভা করেও অন্তর্বর্তীকালীন সময়ের জন্য উপাচার্যের দায়িত্ব পালন করার ব্যাপারে একমত হতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানিয়েছেন, মন্ত্রণালয়ের ওই চিঠিতে ডিন কাউন্সিল একমত হয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বিভাগীয় চেয়ারম্যানরা সভা করে বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপককে উপাচার্যের দায়িত্ব পালনের জন্য মনোনীত করার কথা বলা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন বিভাগীয় চেয়ারম্যান এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য আলোচনায় বসতে পারেননি। তাছাড়া সভায় বসার আগেই শিক্ষকদের একাধিক গ্রুপ একমত হতে না পারার কারণে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন সম্ভব হয়নি।