ময়মনসিংহের ভালুকায় এনএসজেড কটন মিলে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গুদামসংশ্লিষ্টরা।

মিল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এনএসজেড কটন মিলের তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ বলা যাবে, তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এনএসজেড কটন মিলের ব্যবস্থাপনা সদস্য জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।