পটুয়াখালীতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। গতকাল বিকালে পটুয়াখালী সদরের জুবিলি স্কুল পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়া পাবনার মো. মনোয়ার হোসেন (২৮) ও এনামুল হক ইমনকে (২৯) ১৮৬০ দণ্ডবিধিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন পটুয়াখালী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। একই অপরাধে পটুয়াখালী পলিটেকনিক্যাল কলেজ কেন্দ্র থেকে কিশোরগঞ্জের মো. পাবেল (২৬) ও ফরিদপুরের মো. জাহিনুর মুন্সি জাহিদকে (২৯) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন পটুয়াখালী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে সহযোগিতা করার দায়ে আবদুল করিম মৃধা কলেজের শিক্ষক মো. ইউসুফ আলমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল জানান, শুক্রবার সকালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর পর এদের সন্দেহ হলে আটক করা হয়। পরে প্রক্সির সত্যতা পাওয়া গেলে তাদের সাজা প্রদান করে কারগারে পাঠানো হয়।










