রংপুরে নবনির্মিত ডপলার রাডার স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে রংপুর আবহাওয়া, রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগারে স্থাপিত ডপলার রাডার স্টেশনটির উদ্বোধন করেন বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মো. মোমেনুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক আবহাওয়া পরামর্শদাতা ইয়োশিহিসা উচিদা এবং বাংলাদেশ আবহাওয়া বিভাগের উপপরিচালক আহমেদ আরিফ রশিদ। সভাপতিত্ব করেন রংপুর আবহাওয়া, রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা ও আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান।
রাডার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আবহাওয়া বিভাগের পরিচালক মো. মোমেনুল ইসলাম বলেন, ‘নতুন এ রাডার স্টেশনের মাধ্যমে মেঘের অবস্থান, গতি, দিক, তাপমাত্রা ও বজ্রপাতের পূর্বাভাস জানা যাবে। ফলে মৃত্যুর হার কমানো সম্ভব হবে। ভূমিকম্পের রেড জোনে অবস্থিত রংপুরে বড় ধরনের বন্যা ও আগাম বৃষ্টিপাতের তথ্য মিলবে। এর মাধ্যমে ফসলের ক্ষতি থেকে কৃষকদের রক্ষা করা যাবে। রংপুরের আবহাওয়ার অবস্থা ও পরিবর্তনজনিত কারণগুলো গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যাবে।’
আন্তর্জাতিক আবহাওয়া পরামর্শ দাতা ইয়োশিহিসা উচিদা বলেন, ‘ডপলার রাডার কৃষিনির্ভর উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে সাড়ে ৪০০ কিলোমিটার এলাকার মানুষ আগাম আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্তে প্রবেশ করল। এ রাডার বিমান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করবে।’ রংপুর আবহাওয়া, রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘নতুন রাডার প্রাকৃতিক দুর্যোগের কয়েক ঘণ্টা আগের তথ্য দিতে পারবে। এতে করে আগের যেকোনো সময়ের চেয়ে আগাম প্রস্তুতি গ্রহণের সুযোগ থাকায় দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে।’
রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর নগরীর কলেজ রোড মাস্টারপাড়া এলাকায় আড়াই একর জমির ওপর ১৯৭৭-৭৮ অর্থবছরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে আবহাওয়া, রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগার স্থাপন করা হয়।










