আগামী ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে যাওয়ার পথে তিনি এ ভারত সফর করছেন। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশী কোনো মন্ত্রীর এটিই প্রথম দিল্লি সফর। ভারতে অবস্থানকালে গুরুত্বপূর্ণ একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক উন্নয়নে গুরুত্বারোপ করা হবে।

গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এসএম মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসএম মাহবুবুল আলম বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর দিল্লিতে যাত্রাবিরতিকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যেই এসব বৈঠক হবে। পাশাপাশি এতে দুদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ধারা ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেয়া হবে।’

মুখপাত্র আরো বলেন, ‘‌এ সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সহযোগিতা আগামী বছরগুলোতে আরো ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে তার সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে তারা উভয়েই মরিশাস সম্মেলনে যোগ দেবেন। ওই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা ও সমুদ্র-সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের তিন দিনব্যাপী দিল্লি সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে। গতকাল থেকে শুরু হওয়া এ সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ৭ এপ্রিল দিল্লিতে প্রথম দিন স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর সেরিমোনিয়াল লাউঞ্জে পৌঁছানোর কথা। সফরের প্রথম দিনে কেবল আনুষ্ঠানিক আগমনের সূচি রাখা হয়েছে।

সফরের দ্বিতীয় দিন আজ পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। সূচি অনুযায়ী স্থানীয় সময় বেলা ১টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে হায়দরাবাদ হাউজে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন ড. খলিলুর রহমান। এ বৈঠকে দুই দেশের অমীমাংসিত ইস্যু, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৪টায় ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে ‹বাণিজ্য ভবন›-এ বৈঠক করার কথা রয়েছে। বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে এখানে আলোচনা হওয়ার কথা। বিকাল সাড়ে ৫টায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়কমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে আকবর রোডে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা এবং হাইড্রোকার্বন খাতে সহযোগিতা এ বৈঠকের মূল এজেন্ডা হতে পারে।

তিনদিনের সফর শেষে ৯ এপ্রিল সকাল ৮টায় পররাষ্ট্রমন্ত্রী দিল্লির বিমানবন্দর থেকে মরিশাসের উদ্দেশে রওনা হবেন।