ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে কেন্দ্র দখল করা নিয়ে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল (৫৫) মারা গেছেন। গতকাল সকাল ১০টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আব্দুল জলিল উপজেলর শেরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই এলাকার মৃত কুমেদ আলীর ছেলে।
শেরপুর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক হারুন অর রশিদ জানান, ৭ জানুয়ারি নির্বাচনের দিন শেরপুর ইউনিয়নের ইমাম হোসেন সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র দখল করার চেষ্টা করেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থকরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর আব্দুস সালামের সমর্থকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর হামলায় গুরুতর আহত হন আব্দুল জলিল।
নান্দাইল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, ‘এ ঘটনায় গত ১৯ জানুয়ারি মামলা হলে তিনজনকে গ্রেফতার করা হয়।’










