সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়কে ডাকাতির অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গোপালপুর গাবতলা মোড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন রমজান আলী, শাহাদত হোসেন, জাহিদ হোসেন, ফারুক, আল-আমিন, দুদায়ের ওরফে আকিব, আরিফুল ও মুছা।

এনায়েতপুর থানার ওসি (তদন্ত) কেএম রাকিবুল হুদা জানান, বৃহস্পতিবার রাতে গোপালপুর বড়তলা বাজারের সুতা ব্যবসায়ী ইয়াসিন মল্লিক দোকান বন্ধ করে তার কর্মচারী কাইয়ুমকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল তাদের রাস্তার গতিরোধ করে। এ সময় ডাকাতরা কাইয়ুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সাড়ে ৩ লাখ টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেয়। চিত্কার শুনে লোকজন এগিয়ে এসে তিন ডাকাতকে আটক করলে বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে

পুলিশ এসে আটক ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো পাঁচজনকে আটক করে।