১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা শাখা (সিআইসি) থেকে সোমবার খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে।
এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, খালেদা জিয়ার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ব্যাংক হিসাবগুলো অবমুক্ত করা হয়েছে। খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার আইনজীবী আবেদন করেন। এনবিআর চেয়ারম্যানের অনুমোদনক্রমে কেন্দ্রীয় গোয়েন্দা কাউন্সিল (সিআইসি) বাংলাদেশ ব্যাংককে আজ চিঠি দেয়।










