অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সব ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার রাত ১২টা ১ মিনিটে খালি পায়ে ফুল হাতে এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আনুষ্ঠানিকতা। সঙ্গে সঙ্গে বেজে ওঠে কালজয়ী একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...।’ পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে যথাযোগ্য মর্যাদায় ভাষাশহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এর আগে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দ্বিতীয়বার দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতাকর্মী এবং মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। স্পিকারের পর পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। একে একে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৪ দলের নেতাদের পক্ষে হাসানুল হক ইনু, অসীম কুমার উকিল শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং বিদেশী সংস্থার প্রধানরা। শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা নিবেদন করে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণ করেন। সব শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ।