চাকরিতে পুনর্বহালসহ দুই দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের ছাঁটাইকৃত শ্রমিকরা। গতকাল দুপুর ১২টা থেকে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানজটের কারণে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সাড়ে ৩ ঘণ্টা পর শ্রমিকরা কারখানার সামনে ফিরে যান।
শ্রমিকরা জানান, প্রথমে প্রতিদিন ২২০ টাকার হাজিরায় কাজ করার পর প্রতিষ্ঠানটি তাদের মাস্টাররোলে অন্তর্ভুক্ত করে। কিন্তু মাত্র এক বছরের মাথায় হঠাৎ করেই ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিসে ছাঁটাই করা হয়।
ছাঁটাই করা শ্রমিকদের অভিযোগ, এ সিদ্ধান্ত পরিকল্পিত ও শ্রমিকবিরোধী। তাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে ১ হাজার শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে।
অপসো স্যালাইন দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী অপসোনিন গ্রুপের একটি প্রতিষ্ঠান। এ কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। গত ২৯ অক্টোবর কারখানার স্টুরিপ্যাক (সিরিঞ্জ ও স্যালাইন সেট প্রস্তুকারক) শাখার ৫৭০ জন শ্রমিককে চাকরিচ্যুতির চিঠি দেয়া হয়। এর প্রতিবাদে শ্রমিকরা ৩০ অক্টোবর কর্মবিরতি শুরু করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, চাকরিতে পুনর্বহালের দাবিতে অপসো স্যালাইন ফার্মা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।










