নির্বাচন কমিশন (ইসি) যদি কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, যদি ইসি পিছলে যায়, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্নও পিছিয়ে পড়বে। এত মানুষের আত্মত্যাগের সঙ্গে সেটি হবে বিশ্বাসঘাতকতা। এ কারণে আমাদের দায়িত্ব কঠিন। ১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করছে।
তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের ঐকমত্য থাকা জরুরি। কমিশন চাইলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে স্বাক্ষর নিতে পারে। তবে আমি মনে করি না, সুষ্ঠু নির্বাচনের জন্য ঐকমত্য কমিশনের প্রয়োজন আছে।
সিইসি বলেন, এবার মানুষের প্রত্যাশা অনেক বেশি। সব রাজনৈতিক দলের চিন্তা এক রকম হবে না। তারা যতই বিপরীতমুখী বক্তব্য দিক না কেন, সঠিক সময়ে এসে তারা ঐক্যে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি।
ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে সবার সহযোগিতা চেয়ে সিইসি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটে জেতা যায়। কিন্তু দীর্ঘমেয়াদে এটা কারো জন্যই ভালো হয় না— না দেশের জন্য, না দলের জন্য।










