কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার পরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুনে শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল সকালে হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেছেন।

ক্যাম্পের হেড মাঝি আমিনুল্লাহ জানান, হঠাৎ রাত ১০টার পরে এফ ব্লকে আগুন লাগে। শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে প্রশাসনের অনেকে কাজ করেছে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেন লেদা রোহিঙ্গা ক্যাম্প ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম। তিনি বলেন, ‘কীভাবে আগুন লেগেছে সেটা এখনই বলা যাচ্ছে না। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিস ইউনিটও কাজ করেছে। আগুনে শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।’

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘রোহিঙ্গা ক্যাম্পে আগুনের খবর শুনেছি। ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়।’

এর আগে শুক্রবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দাতব্য সংস্থা পরিচালিত একটি হাসপাতাল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতেও অগ্নিকাণ্ডে কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি ব্লকের পাঁচটি ঘর পুড়ে যায়।

রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও অনেকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা নেতারা জানান, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে এক হাজারের বেশি বসতি পুড়েছে। এ ঘটনায় একজনের মৃত্যুও হয়। গত সাত বছরে আশ্রয়শিবিরে আগুন লেগেছে ২০০ বারের বেশি।