জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলো। মাত্র তিন ধাপে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেয়া হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আর এটা সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
গতকাল সকালে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলু ফসলের মালটিলোকেশন পারফরম্যান্স যাচাইয়ের লক্ষ্যে মেহেরপুরে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সঠিক নেতৃত্ব ও উন্নত চিন্তার ফলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশকে যাছাই-বাছাই করা হয়। সব ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান ভালো হওয়ায় এ স্বীকৃতি দেয়া হয়েছে। এক সময় সার পেত না, তেল পেত না, বীজ পেত না। কৃষক সার কিনতে গেলে গুলি করে হত্যা করা হয়েছে। আর আজ কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার-বীজ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিএডিসি চেয়ারম্যান (গ্রেট-১) ড. অমিতাভ সরকার, বিএডিসির সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) প্রকাশ কান্তি মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ।










