খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার বাস টার্মিনালসংলগ্ন মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে হঠাৎ টিনশেড মার্কেটটিতে আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার খবর শুনে তারা মার্কেটে ছুটে আসেন। অনেকে কিছু মালপত্র বের করতে সক্ষম হলেও বেশির ভাগ দোকানি কোনো কিছুই উদ্ধার করতে পারেননি।
আগুনে ক্ষতিগ্রস্ত হাজী বিরিয়ানি হোটেল মালিক মো. সোহেল জানান, প্রতিদিনের মতো ভোরে তার খাবার দোকানে আসার জন্য প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হন। ৭টার দিকে আগুন লাগার খবর শুনে তাড়াহুড়া করে এসে দেখেন নিজের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে।
অন্য ব্যবসায়ী মো. আলম বলেন, ‘আমার সেলফোন ও সার্ভিসিংয়ের দোকান ছিল। সবই পুড়ে গেছে।’
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’










