ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়ে মনোয়ার হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১৪তলা নতুন ভবনের মেডিসিন ওয়ার্ড থেকে তিনি লাফিয়ে পড়েন। মনোয়ার হোসেন জেলার হালুয়াঘাট উপজেলার মো. শরিফ মিয়ার ছেলে।
হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তবে কী কারণে মারা গেছেন বিষয়টি জানা নেই। এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৩ নভেম্বর দুপুর ১২টার দিকে মনোয়ার হোসেন হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে সার্জারি ইউনিটে ভর্তি হন। পরদিন ১৪ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিট-৫-এ স্থানান্তর করা হয়। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই ওয়ার্ডের বারান্দা থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।










