সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। কামারখন্দ থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার ছোটভাই তারেক রহমান (৫২), রায়গঞ্জের হাট পাংগাসি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম, রেজাউল করিম এবং আব্দুল মজিদ নামে আরও দুই ব্যক্তি। নিহত রেজাউল করিম ও আব্দুল মজিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কামারখন্দ থানার ওসি জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এসিআই মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। আহত হন আরও চার জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও জরুরি মেডিকেল অফিসার (ইএমও) ডা. লাবিব বলেন, দুর্ঘটনায় রেজাউল করিম ও আব্দুল মজিদ নামে দুজনকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার সময় তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে বগুড়া নেয়া হয়েছে বলে শুনেছি। নিহত দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।










