ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু
সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল
আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত
করেছেন বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।
তিনি জানান, গতকাল সোমবার সকাল ৬ টাকা
থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার
এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।
এর মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল
অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার
টাকা। সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি
৬ লাখ ৬২ হাজার ৯০০ টাকা।
তিনি আরও জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের
ভোগান্তিরোধে টাঙ্গাইল অংশে ১১টি আর সিরাজগঞ্জ অংশে ৯টি টোল বুথ কাজ করছে।










