নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা এ তিন মূল শর্তের ভিত্তিতে সুষ্ঠু নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আমাদেরকে কাজ হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও আইনের আলোকে। কোনো পক্ষাবলম্বন না করে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দৃঢ়ভাবে দায়িত্ব পালন করা।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে পুলিশ লাইনে পুলিশের নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেন তিনি।
নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত করতে দেয়া হবে না জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোয় কেবল নির্বাচন বা নির্বাচন কমিশনই নয়, দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। গণতন্ত্রের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, বরং দেশের গণতান্ত্রিক উত্তরণ ও হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ বলেও জানান নির্বাচন কমিশনার।
আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এরইমধ্যে যথাযথ প্রশিক্ষণ নিয়েছে। আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যাতে কোনো অবস্থাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিঘ্নিত, নষ্ট, কিংবা বিতর্কিত না হয়। সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই হবে আমাদের মূলনীতি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আব্দুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তামো. কামরুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সামরিক, বিজিবি, পুলিশ ও একাধিক গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে কর্মরতরা।
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভিজিলেন্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় যোগদান করেন নির্বাচন কমিশনার।















