পার্বত্য জেলা রাঙ্গামাটির আসামবস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রথম পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ফিতা কেটে আসামবস্তি এপিবিএন পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।

ক্যাম্প উদ্বোধনের পর মাহফুজ আফজালকে 'গার্ড অব অনার' দেয়া হয়। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে প্রথম এপিবিএন ক্যাম্পের যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, আসামবস্তি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. নুরুল্লাহ সহ এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহফুজ আফজাল বলেন, বেশ কিছুদিন থেকে পার্বত্য চট্টগ্রামে কিছু বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠন নেতিবাচক ভূমিকা রাখছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকার ২০২৩ সালে এটির প্রশাসনিক অনুমোদন জারি করে। ২০২৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাটালিয়ন কার্যক্রম শুরু করে।

তিনি আরো বলেন, ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে আমরা প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ক্যাম্প প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের সঙ্গে পুলিশের যে দূরত্ব আছে, সেটি ঘুচে যাবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের একটি সম্পর্ক তৈরি হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের নিরাপত্তায় এপিবিএন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রাঙ্গামাটির আসামবস্তি পুলিশ ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ কার্যক্রম আরো জোরদার হলো।