জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার (ভারপ্রাপ্ত) নার্দিয়া সিম্পসন। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের আজকের বৈঠকটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং সফল একটি বৈঠক। এখানে আমরা দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে পারি সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে অস্ট্রেলিয়ান সরকার আগামী দিনগুলোতে কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে ব্যাপারেও কথা বলেছি। আমাদের দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অস্ট্রেলিয়ান সরকার আরো কী ভূমিকা রাখতে পারে সেটাও আমরা আলোচনা করেছি।
তিনি আরো বলেন, গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আমাদের বহু লোক আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমি অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে অস্ট্রেলিয়ান সরকারকে অনুরোধ জানাতে চাই, আমাদের যে সমস্ত লোক তাদের চোখ, হাত, পা এবং অঙ্গ হারিয়ে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসার ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার সহযোগিতা করতে পারে। আমরা আরো আশা করছি যে, ভবিষ্যতে অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে।
এই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন ও মোবারক হোসাইন।










