আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্ব-স্ব ক্ষেত্রে সফল তিন নারীকে সম্মাননা প্রদান করেছে এসএমই ফাউন্ডেশন। আজ সোমবার (৯ মার্চ) আগারগাঁও পর্যটন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসএমই ফাউন্ডেশন ও ইস্টার্ন ব্যাংক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মাননাপ্রাপ্ত তিন নারী হলেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, টাঙ্গাইল শাড়ি কুটিরের প্রতিষ্ঠাতা মনিরা ইমদাদ ও রেইনবো ভ্যালি ডেকেয়ারের প্রতিষ্ঠাতা জিনিয়া জেসমিন করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের ১ কোটি ১৮ লাখ কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে নারী উদ্যোক্তা মাত্র সাড়ে ৬ ভাগেরও কম। তবে এসএমই ফাউন্ডেশনের অর্থায়ন, বাজারজাতকরণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির সুবিধাভোগীদের ৬০ ভাগই নারী। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। এ খাতে প্রায় ৩ কোটির বেশি জনবল কর্মরত আছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রায় ২০ লাখ উদ্যোক্তাকে বিভিন্ন সেবা প্রদান করেছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় নারী দিবস উদযাপনের অংশ হিসেবে ১০ জন নারী উদ্যোক্তার তৈরি করা পণ্য প্রদর্শন করা হয়। এছাড়া জেন্ডার বিশেষজ্ঞ নিলুফার আহমেদ ব্যবসায়িক ক্ষেত্রে অধিকার ও ন্যায়বিচার নিয়ে একটি বিশেষ সেশনে আলোচনা করেন।