নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের চিকিৎসাসেবায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বর্তমানে ক্ষমতায় থেকেই বেশকিছু মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে।

গতকাল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিন, ব্লাড ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব ফটো কর্নারসহ অন্যান্য মেডিকেল ইকুইপমেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন যারা সমালোচনা করে বলেছিল, দেশে কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়ে ও না খেয়ে মারা যাবে, তাদের কথা ভুল প্রমাণিত করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছেন।

এদিন বিকালে প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জসহ দৌলা উচ্চ বিদ্যালয় মাঠে ‘চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’-এর উদ্বোধন করেন।