আগামী জাতীয় নির্বাচনে মনিটরিং করতে আসার সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘কার্টার সেন্টারে’র একটি প্রতিনিধিদল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শুক্রবার (৯ মে) সকাল ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাদের বৈঠকের পর এ তথ্য জানান স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
এদিন সকাল ১০টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, নির্দিষ্টভাবে তারা (কার্টার সেন্টারের প্রতিনিধিদল) যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছেন, সেটা হচ্ছে নির্বাচনে তারা হয়ত মনিটরিং করতে আসতে পারেন। যদি সেটা হয়, সেটা কিভাবে সম্ভব হতে পারে এবং কখন। মূলত এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি হচ্ছে, বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রায়ন।
কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সিনিয়র অ্যাসোসিয়েট ডাইরেক্টর তারা শরিফ, মাইকেল বালদাসারো, সাইরাহ জাহেদি, ড্যানিয়েল রিচার্ডস ও কাজী শহীদুল ইসলাম।
বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং দলের চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।















