কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার হ্নীলায় রঙ্গিখালী পাহাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ১৮টি দেশী আগ্নেয়াস্ত্র, ২০০টি গুলি ও ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী মাদ্রাসাপাড়ার আব্দুল মজিদের ছেলে ছৈয়দ আলম (৪০), নুরুল
আলম (৩৫) এবং একই এলাকার সব্বির আহমদের ছেলে আব্দুল মোনাফ (২০)। পুলিশ জানিয়েছে, নিহত তিনজনই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের নামে হত্যা, অস্ত্র ও মাদকসংক্রান্ত সাত থেকে আটটি করে মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার হ্নীলার রঙ্গিখালীর গহিন পাহাড়ে মাদক কারবারি ও ডাকাতদের আস্তানায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ডাকাত দলের আস্তানা ঘেরাও করার পর তারা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে চার কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে ছৈয়দ আলম, নুরুল আলম ও আবদুল মোনাফের গুলিবিদ্ধ মরদেহ খুঁজে পাওয়া যায়। এছাড়া ১৮টি দেশী আগ্নেয়াস্ত্র, ২০০টি গুলি ও ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।










