দিনাজপুরে গোর এ শহীদ বড় ময়দানে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৯টায়। গত শুক্রবার (২৮ মার্চ) বিকালে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ঈদগাহ মাঠে সাংবাদিকদের কাছে এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠানের ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে সাতটিরও বেশি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে ঈদগাহ মাঠ প্রস্তুত করা, ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা , মাঠের পূর্ণ শৃঙ্খলা, নিরাপত্তা, মুসল্লিদের যাতায়াত, গাড়ি পার্কিং ব্যবস্থা ইত্যাদি সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঈদুল ফিতরের নামাজে ইমামতি করার বিষয়ে ৭ জন ইমামের সাক্ষাৎকার নেয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আজ-কালের মধ্যে নিশ্চিত করা হবে বলে জেলা প্রশাসক জানান।
অপরদিকে দিনাজপুরের পুলিশ সুপার জনাব মারুফাত হোসেন বলেন, দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো আশঙ্কা নেই বলে তিনি জানান।
অন্যদিকে দিনাজপুরে আহলে হাদীস সম্প্রদায়ের প্রধান ঈদ জামাত ঈদের দিন সকাল ৮টার সময় দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ইনস্টিটিউট মাঠ সংলগ্ন লোকভবন মাঠে মহিলাদের জামাত অনুষ্ঠিত হবে। গত শুক্রবার দুপুর জুমাতুল বিদা’র নামাজের পূর্বে দিনাজপুর স্টেশন রোডে আহলে হাদীস জামাতের প্রধান মসজিদে ইমাম মাওলানা মেহরাব হোসেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে একথা জানান।










