সুন্দরবনে ভ্রমণে এসে এক বিদেশী নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব বনবিভাগের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে নোঙর করা জাহাজে ৫৭ বছর বয়সী কারমেল নইলিন নামের এ পর্যটক মারা যান।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, শুক্রবার বিকালে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে করে পর্যটকরা প্রথমে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। পরে রাতে থাকার জন্য জাহাজটি কচিখালীতে নোঙর করে। ওই জাহাজেই পর্যটক কারমেল নইলিনের মৃত্যু হয়।

বন কর্মকর্তা আরো জানান, কারমেল নইলিন আয়ারল্যান্ডের নাগরিক। তিনি স্বামী ও আরো কয়েকজন বিদেশী পর্যটকের সঙ্গে সুন্দরবন ভ্রমণে আসেন। তাদের সঙ্গে একজন চিকিৎসকও ছিলেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বন বিভাগ, কোস্ট গার্ড ও শরণখোলা থানার পুলিশ মরদেহ আনার কাজে সহায়তা করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।