ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনা গুরুতর আহত হয়েছেন আরো দুজন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, শুক্রবার রাত ৩ টার দিকে শ্রীনগরের হাসাড়ায় এবং শনিবার সকাল ৯ টার দিকে সিরাজদিখানের নিমতলা রেলস্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাগুলো ঘটে।
গতকাল রাত সাড়ে আটটার দিকে শ্রীনগরের সমষপুর এলাকায় আলাদা মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো দুজন আরোহী।
তিনি বলেন, রাতে অজ্ঞাত এক ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রংপুর জেলার বাসিন্দা আলিমুল (২৭)। এ সময় সঙ্গে থাকা আবদুর রহমানকে (১৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
অন্যদিকে গতকাল রাতে দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় নিহত হন পায়েল বেপারী (২৪) নামের এক পথচারী। এ সময় আহত হন আরো দুজন।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারা যান আরো এক মোটরসাইকেলচালক। পরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এসব ঘটনায় খবর পেয়ে এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাকবলিত যানবাহগুলোকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ। এতে যান চলাচল স্বাভাবিক রয়েছে মহাসড়কে।
বণিক বার্তাকে শনিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন।










