নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ পৃথিবীর অনুকরণীয় দেশ বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুযোগ কাজে লাগিয়ে আমাদের মেয়েরা শিল্প-বাণিজ্যে অনন্য ভূমিকা পালন করছে।’

গতকাল শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন মন্ত্রী।

এ সময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ছাত্রীদের ‘সপ্তম নারী গণিত অলিম্পিয়াড-২০২৩’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। নারী গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ ও ফলিত গণিত বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞান চর্চা উৎসাহিত করতে গণিত প্রতিযোগিতাকে অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘গণিত হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। আমাদের মেয়েরাও এখন জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় অনেক সক্ষমতার পরিচয় দিচ্ছে। তারা এখন গণিত অধ্যয়নই কেবল করছে না প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে- জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করছে।’

প্রতিযোগী শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বাবা, স্বামী কিংবা মায়ের পরিচয়ে নয়, পেশায় দক্ষতার মাধ্যমে তোমার নামেই তোমার পরিচয় অর্জন করতে হবে। প্রত্যেককে আগামী দিনের পেশা তৈরির চিন্তা করতে হবে।

বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ সামাদ, বিজ্ঞান বিভাগের ডিন ড. মোহাম্মদ আব্দুস ছামাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নারী নেত্রী খুশি কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. শহীদুল ইসলাম বক্তৃতা করেন।